পঞ্চগড়ের ইজতেমায় আসার পথে বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনোয়ার হোসেন (৩৫) নামে এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই মাইক্রোবাসের চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার ভোর ৫টায় উপজেলার সাকোয়া পেট্রোল পাম্প এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করা হয়।
নিহত মনোয়ার হোসেন নীলফামারী জেলার বেংহারী শাহা পাড়া এলাকার ছবির উদ্দীন এর ছেলে। আহত অপর ৪ জন একই এলাকার ইউসুফ মাসুদের ছেলে আলমগীর হোসেন, আনসার আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আব্দুল খালেকের ছেলে এজানুল ও মহিউদ্দীনের ছেলে তাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টায় নীলফামারী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সাকোয়া পেট্রোলপাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মারা যান এবং মাইক্রোবাসে থাকা চালকসহ আরো চারজন গুরুতর আহত হন।
বোদা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নূরুল ইসলাম সড়ক দুর্ঘটানায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মাহমুদুল