চেলসিতেই থাকছেন ফ্যাব্রিগাস

চেলসিতেই ভবিষ্যৎ গড়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ চেস্ক ফ্যাব্রিগাস। আগামী মৌসুমেও স্টামফোর্ড ব্রিজে কাটানোর শতভাগ নিশ্চয়তা প্রদান করেছেন তিনি। চলতি মৌসুমে নিয়মিতভাবেই একাদশের বাইরে কাটাচ্ছেন এই স্প্যানিশ তারকা। এখনো পর্যন্ত তিনি কোচ এন্টনিও কন্টের আস্থাভাজন হতে পারেননি। এ কারণে প্রিমিয়ার লীগে ২০১৬-১৭ মৌসুমে মাত্র ৫ ম্যাচে মুল একাদশে ঠাঁই পাওয়া ২৯ বছর বয়সী স্প্যানিশ আন্তর্জাতিক মিডফিল্ডারের চাইনিজ সুপার লীগ কিংবা মেজর সকার লীগে যোগ দেয়ার গুজব উঠেছে। 
 
তবে সতীর্থ দলগুলোর সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান রচনা করে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ পয়েন্টধারী দলটি ছেড়ে যাবার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফ্যাব্রিগাস। 
 
তিনি স্কাই স্পোর্টসকে বলেন, এখান থেকে চলে যাবার কোন চিন্তা আমি মনের মধ্যেই আনিনি। এটি শতভাগ সত্য। ছয় মাস আগের তুলনায় এখানকার বর্তমান পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। শুরুতে এখানে ছিল বড় একটি চ্যালেঞ্জ নেয়ার কথা। আর এখন চলছে নানান গুজব। আপনি চাইলেই এটি থামাতে পারবেননা। তবে কে কি বলছে সেটি আমি পরোয়া করিনা। এক মুহুর্তের জন্যও আমি ক্লাব ছেড়ে দেয়ার কথা ভাবিনি।
 
ফ্যাব্রিগাস আরো বলেন, আপনি যখন পর পর দুই ম্যাচে খেলতে পারবেন না, তখন মাঝে মধ্যে হতাশার জন্ম নেয়। এটি স্বাভাবিক বিষয়। এ সময় এই রটনা গুলো ছড়ানো সহজ হয়। আপনার মনের মধ্যেও দল বদলের চিন্তা আসতে পারে। তবে আমি এর ঠিক বিপরীত। আমি নিজেকে চ্যালেঞ্জের মধ্যে রাখতে চাই। আমি জানি, কি করব তা আমার মাথার মধ্যে রয়েছে। আমি অন্যদের চেয়ে ভাল করতে পারব কি পারবনা। আমি জানি কোচের কথা শুনে কিভাবে নিজের আরো উন্নতি ঘটিয়ে এই ক্লাবের জন্য আমি কি করতে পারব। তিনি কি চান বা চাননা সেটির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি নিজেকে জানি। কি করতে পারব সেটি আমার জানা আছে। যখনই সুযোগ পাই তখনই আমি নিজের যোগ্যতার প্রমান দিয়ে আসছি। খেলোয়াড়ি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এখান থেকে আমি থামব না।
 
ইত্তেফাক/রেজা