কক্সবাজার সৈকতের আকাশে হরেক রকমের ঘুড়ি

কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে চীন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন বিদেশি ঘুড়ি চক্কর দিয়েছে। শনিবার বিকেলে সমুদ্রসৈকতে ঘুড়ি চক্করে অংশ নিয়েছেন অনেক তরুণ-তরুণী। বাঘ, অজগর, হাঙর, ডলফিন, অক্টোপাস ও জেলি ফিশসহ হরেক রকম প্রাণী ঘুড়ির আদলে উড়েছে সৈকতে। আর সমুদ্র পাড়ে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়রা উপভোগ করেছে সেই জমজমাট উৎসব। এগুলো সত্যিকারের প্রাণী না হলেও প্রাণীর আদলে ঘুড়িগুলো তৈরি করেছে অয়োজকরা।
 
'কক্সবাজার সমুদ্র সৈকত কে পরিচ্ছন্ন রাখুন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার লিটল টাকা ঘুড়ি উৎসব।  সৈকতের লাবণী পয়েন্টে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় দিনব্যাপী এই ঘুড়ি উৎসব হয়েছে।  
 
এ ঘুড়ি উৎসবে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন- ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল বারেক সোনা মিয়া, ঢাকাবাসী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান পলাশ, সহ-সভাপতি শাহীন পারভীন, জিনজিরার বিশিষ্ট ঘুড়ি খেলোয়ার বজলুল হক, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আহসান সুমন। IMG0
 
কাজি আবদুর রহমান বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও দেশি-বিদেশি হরেক রকমের ঘুড়ি উড়ানো হয়েছে কক্সবাজার সৈকতে। এ ঘুড়ি উৎসব একটি ঐতিহ্য। যা দেশের পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখে’। ঘুড়ি উৎসবে এসে নিজের শৈশবে ফিরে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 
 
ইত্তেফাক/মাহমুদুল