বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিউমোনিয়ায় অসুস্থ্ দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার ভোর চারটার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এরমধ্যে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মাসুদ রানার (৯) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সে ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এছাড়া সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের শাহ আলমের ছেলে হোসাইন আজাদ (৩ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, স্কুলছাত্র মাসুদ রানা শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে পাকা রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় আহত হয়। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে নেওয়ার পথে মাসুদ রানার মৃত্যু হয়।
অপরদিকে, নিউমোনিয়ায় আক্রান্ত হোসাইন আজাদকে শনিবার বিকালের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে নেওয়ার পথে মারা গেছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. হাফিজুর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/কাউছার