স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় কারাবন্দিদের মোবাইল ও টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, স্পর্শকাতর বন্দিদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে।
রবিবার দুপুরে কারা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় কারাগার শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে পরিগণিত হতো। কিন্তু সময়ের পরিক্রমায় বাংলাদেশ জেল তার পুরনো ধ্যান ধারণা বদলেছে। এখন কারা সদস্যরা কারাবন্দিদের সংশোধন করে সমাজের পুনর্বাসন করার চেতনা ধারণ করে কারা সাপ্তাহ উদযাপন করছেন। যা শুধু কারা বিভাগের নয় সরকারের সফলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, আমাদের সরকার কারা বিভাগের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে। যার ফলে আজ কারা বিভাগের অনেক আধুনিকায়ন হয়েছে।
এর আগে সকালে প্রধান অতিথি কারাগার প্রাঙ্গণে উপস্থিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও কারা মহাপরিদর্শন সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। মন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী সেরা জেল ও বিভাগকে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করেন।
ইত্তেফাক/মণ্ডল