সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক তরুণ নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম (১৭) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত শরফ উদ্দিনের ছেলে।
রবিবার দুপুরে উপজেলার উত্তর কালনিরচক গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানীনগর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় বাংলাবাজারে উপজেলার উত্তর কালনীর চর ও দক্ষিণ কালনীর চর গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাথরের আঘাতে একজন নিহত ও কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/মাহমুদুল