খুলনার পাইকগাছায় স্থানীয় এমপি নূরুল হক ও তার ছেলের নির্মাণকৃত সেই আলোচিত দেয়াল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর ২টার দিকে এ দেয়াল ভেঙে দেয়া হয়। এর মধ্যদিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন।
IMG0
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানান, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল হাসানের নেতৃত্বে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সরল গ্রামে অভিযানে যান। এ সময় আদালতের নির্দেশে আলোচিত দেয়ালের দুটি স্থানে ৮ থেকে ১০ হাত করে ভেঙে দেয়া হয়। অভিযানকালে দাঙ্গা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ভাঙার সময় দেয়াল নির্মাণকারীদের পক্ষে কয়েকজন আইনজীবী প্রতিরোধের চেষ্টা করলেও তা কাজে আসেনি।
IMG1
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দেয়াল ভাঙা হয়েছে বলে তিনি শুনেছেন।
উল্লেখ্য, খুলনা-৫ (পাইকগাছা-কয়রা) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শেখ মো. নূরুল হক ও তার ছেলে শেখ মনিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের বাড়ির চারপাশে উঁচু দেওয়াল তৈরি করে। ফলে বাড়িটিতে যাওয়া-আসার রাস্তা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। ফলে মই দিয়ে দেওয়াল টপকে কিংবা দেয়ালের নিচ দিয়ে তৈরি করা গর্ত দিয়ে আজিজ পরিবারের সদস্যদের অতিকষ্টে যাওয়া আসা-যাওয়া করতে হত।
ইত্তেফাক/উজ্জল