সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া গ্রামে গত শনিবার দিবাগত রাতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
গৃহকর্তা মোয়াজ্জেম খান জানান, আগ্নেয়াস্ত্রধারী ১০/১৫ জনের ডাকাত রাত ২টার দিকে কলাপসিবল গেট ও দড়জার তালাসহ কয়েকটি তালা ভেঙ্গে তাদের তিন ভাইয়ের ঘরে ঢুকে। এরপর ঘণ্টাব্যাপী ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারধর করে। গুলি করার ভয় দেখিয়ে ২০ ভরি স্বর্ণ, ১০ ভরি রোপা, ২০ হাজার টাকা ও ৭টি মোবাইল সেট লুট করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত তার দু’ভাই মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন এবং তাদের বৃদ্ধ মা জরিনা খাতুনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার মৃত যদু খানের ছেলে শাহিন খান, আব্দুস ছাত্তার খান ও তাদের চাচাতো ভাই মোতালেব খানের ছেলে শওকত হোসেন খানকে ঐ বাড়ি থেকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আটক ৩ জনকে জিঙ্গাসাবাদ চলছে।
উল্লেখ্য, একই ইউনিয়নে গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে একই কায়দায় ভুমদক্ষিণ গ্রামে নুরুল আমিনের বাড়িতে ডাকাতি হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল