বাহুবলে দুই শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

হবিগঞ্জের বাহুবলে দুই শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- ওই উপজেলার যশপাল গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলী (৪০), মারফত আলীর ছেলে সায়েদ আলী (৩৬) ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৪০)। এর মধ্যে আব্দুল আলী ছাড়া বাকি দুইজন পলাতক রয়েছেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৮ আগস্ট ওই গ্রামের সিদ্দিক আলীর দুই ছেলে নূরুজ আলী (১০) ও আহাদ আলীকে (৮) বিয়েতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় ৩ আসামি। পরদিন পার্শ্ববর্তী তিতাকোণা গ্রামের ধানক্ষেত থেকে তাদের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা সিদ্দিক আলী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামি আব্দুল আলীকে গ্রেফতার করে পুলিশ। 
 
আরো জানা গেছে, তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেন। সিদ্দিক আলীর কাছে আব্দুল আলীর টাকা পাওনা ছিল। এর জের ধরে তাদের হত্যা করা হয়েছে বলে জানায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। উক্ত মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক রবিবার উল্লেখিত রায় দেন।
 
ইত্তেফাক/মাহমুদুল