৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করবে। 
 
আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে আরো বলেন, সহায়ক কর্মচারীসহ এসব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর সম্মতির জন্য তাঁর কার্যালয়ে পাঠানো হয়েছে। 
 
আনিসুল হক বলেন, সারাদেশে ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপিল আদালত স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আদালত এবং সহায়ক পদগুলো সৃজিত হলে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। 
 
তিনি বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের আদালতে ৪০ হাজার ৬৪ হাজার ৫৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। 
 
আনিসুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ২৯৬ জন বিচারককে (অধন্তন আদালত), ৩২ জন আইনজীবীকে এবং ৭৭ জন আদালতের সহায়ক কর্মচারীসহ মোট ৪০৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল