ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের স্বাদ পেতে চান হুয়ান মাতা। ২০১৪ সালে চেলসি ছেড়ে ওল্ডট্রাফোর্ডে যোগ দিয়েছিলেন স্পেনের এই আন্তর্জাতিক তারকা। ইতোমধ্যে ১০০টিরও বেশি ম্যাচ খেলা মাতা এফএ কাপ ও কম্যুনিটি শিল্ডের শিরোপা জয় করেছেন।
স্টামফোর্ড ব্রিজ থেকে মাতাকে ইউনাইটেডের কাছে বিক্রি করে দেয়া কোচ হোসে মরিনহো চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলে অনিশ্চয়তার মধ্যে পড়ে যান ২৮ বছর বয়সী ওই তারকা। ২০১৭-১৮ মৌসুম শেষেই ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার। তবে তিনি ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরো বাড়াতে চান।
মিরর ও দি সানকে মাতা বলেন, ‘আমার চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র দুই বছর। তবে আমি এর পরও ইউনাইটেডে থাকতে চাই। আমি এখানে বেশ সুখেই আছি। ইউনাইটেডে যোগ দিয়েই আমি এফএ কাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছি। সেই সঙ্গে কম্যুনিটি শিল্ড। এখন আরেকটি ট্রফি জয়ের সুযোগ আমাদের সামনে রয়েছে।
আমি জানি খারাপ সময়েও এখানকার সমর্থকরা দারুণভাবে সমর্থন দিয়ে থাকেন। তাই ভাবছি আমরা যদি আগামীতে প্রিমিয়ার লীগ কিংবা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করতে পারি তাহলে অবস্থাটা কেমন হবে। তখন তাদের উদযাপনটা হবে বিশাল। এই বিষয়টিই আমার মাথায় ঘুরপাক খেতে থাকে।’
চলতি মৌসুমেই একটি শিরোপা জয়ের সুযোগ মাতার সামনে রয়েছে। ওয়েম্বলিতে যদি ইংলিশ ফুটবল লীগ কাপের ফাইনালে জয়লাভ করতে পারে তাহলে যুক্ত হবে একটি নতুন শিরোপা।
ইত্তেফাক/রেজা