টেস্টে এখনো ভালো খেলতেন ধোনি: কাইফ

অনেকেই বলছেন, সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দক্ষতা আর আগের মতো নেই। কিন্তু রবিবার ইডেনে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে তাঁর অসাধারণ শতরান দেখে মুগ্ধ বিপক্ষ ছত্তিশগড় অধিনায়ক মহম্মদ কাইফ। তাঁর মতে, ধোনি এখনও একদিনের ও টি-২০ ম্যাচের মতোই টেস্টও খেলতে পারতেন।
 
ইডেনে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ রানে ঝাড়খণ্ডের ৬ উইকেট পড়ে যায়। সেই অবস্থা থেকে প্রায় একক দক্ষতায় দলকে ২৪৩ রানে পৌঁছে দেন ধোনি। তিনি ৬টি ছক্কা এবং ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ১২৯ রান করেন। জবাবে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় ছত্তিশগড়। ৭৮ রানে ম্যাচ জিতে যায় ঝাড়খণ্ড। হারলেও ধোনির এই অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন কাইফ।
 
 
 
ইডেনে এই ম্যাচের পর কাইফ বলেছেন, ‘আমি অভিষেকের সময় থেকেই ধোনিকে দেখছি। আমার সবসময় মনে হয়েছে, শুধু অনুশীলন করে ধোনি হওয়া যায় না। আজ তার স্বাভাবিক দক্ষতা দেখা গেল। ও না থাকলে ঝাড়খণ্ডকে আমরা ১২০ রানে অলআউট করে দিতাম। আমি মনে করি, ধোনি এখনও ক্রিকেটের সব ফরম্যাটে খেলতে পারে।’ এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির