দ্বিতীয় দিনে পরিবহন ধর্মঘট অব্যাহত

 
খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। সাতক্ষীরা জেলার আটটি রুটে বাসচলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। এর ফলে এক দিকে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি গন্তব্যে পৌঁছাতে দ্বিগুন অর্থ গুনতে হচ্ছে। 
 
অপরদিকে, পরিবহন ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের স্বাভাবিক কার্যক্রম। বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর ছেড়ে মালবাহী কোনো ট্রাক দেশের কোথাও না যেতে পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি হচ্ছে কাঁচামালের। তাই দ্রুত ধর্মঘট তুলে নিতে শ্রমিক ফেডারেশনের কাছে সাধারণ মানুষ দাবি জানিয়েছেন। 
 
চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, দুরপাল্লার বাস ও সব পণ্যবাহী ট্রাক-পিকআপ এ ধর্মঘটের আওতায় রয়েছে।
 
উল্লেখ্য, বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন।
 
ইত্তেফাক/কাউছার