সাতক্ষীরার তালা থেকে ভারতীয় পণ্য জব্দ

 
সাতক্ষীরার তালা উপজেলার শালিখা কলেজের সামনে থেকে ১৯টি কার্টুন ভর্তি প্রায় সাত লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা কলেজের সামনে থেকে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ ট্রাকটি জব্দ করে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
 
সোমবার বেলা ১২ টার দিকে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন আলীর উপস্থিতিতে ১৯টি কার্টুন খোলা হয়। এসব কার্টুনে ৯৩৮ পিছ শাড়ী ও ১২ পিস থান কাপড়ের রোল পাওয়া যায়। এর আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত থেকে ভারতীয় পণ্য নিয়ে ট্রাকটি বুধহাটা-খেশরা সড়ক হয়ে তালায় যাচ্ছিলো। কিন্তু ট্রাক চালক বেপরোয়া গাড়ী চালিয়ে আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ট্রাকটি আটক করে তল্লাশি করে। এসময় ট্রাকে থাকা ভারতীয় কাপড় দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। পরে পুলিশ যেয়ে ভারতীয় কাপড়সহ ট্রাকটি জব্দ করে। জব্দকৃত ট্রাকের নম্বর খুলনা মেট্রো-নং১১-০৯৬৬।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান, জব্দকৃত ১৯ কার্টুন জনসম্মুখে খোলা হয়েছে। কার্টুন গুলোতে ৯৩৮ পিস শাড়ী ও ১২ পিছ থান কাপড় রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর