রাজধানীর ভবন নির্মাণে অনিয়ম, একের পর এক অগ্নিকাণ্ড। এসব ঘটনায় যখন চারদিক সরব, তখন দুই কর্মকর্তার ঘুমানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের সংবাদ সম্মেলনে এ চিত্র দেখা যায়।
রবিবার রাজউক অডিটোরিয়ামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যৌথভাবে এক বৈঠকের আয়োজন করে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। এ সময় তিনি রাজধানীর ভবনগুলোতে হওয়া অনিয়মের বিরুদ্ধে রাজউক কর্মকর্তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তখন তার পেছনে বসা ছিলেন দুই কর্মকর্তা। আর সংবাদ সম্মেলনটি টেলিভিশনে লাইভ হচ্ছিল।
তখন দেখা যায়, ওই দুই কর্মকর্তা ঘুমাচ্ছেন। বিষয়টি দেখার পর সেখানে উপস্থিত ভিডিও সাংবাদিকরা অন্য কর্মকর্তাদের অনুরোধ করেন যেন কেউ গিয়ে ওই কর্মকর্তাদের ঘুম ভাঙান।
খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রীর পেছনে ঘুমানো রাজউকের এক কর্মকর্তার নাম আজহারুল ইসলাম খান। তিনি রাজউকের একজন সদস্য (এস্টেট ও ভূমি)। অন্যজনের নাম জানা যায়নি।
আরো পড়ুন: মমতার অনুমতি না পেয়ে জনসভার স্থান বদলালেন মোদি
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, রাজধানীর যেসব এলাকায় বিল্ডিং পরিকল্পনা পরিপন্থী হয়েছে; নকশা, অনুমোদন, বিল্ডিং কোড মানা হয়নি- এমন হাইরাইজ বিল্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ জন্য রাজউকের ২৪টি টিম মাঠে নামছে।
তিনি আরো বলেন, প্রতিদিন বিল্ডিং নির্মাণ বিষয়ে সব ধরনের রিপোর্ট রাজউককে মনিটরিং করতে হবে। এছাড়া বনানীর এফআর টাওয়ারের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজউককে ঢেলে সাজানো হবে।
গত বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২৬ জন নিহত হন। আহত হন ১২০ জন। জানা যায়, এই ভবনটি নির্মাণে অনিয়ম হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ