অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হল অরিজিন ক্রিকেটার্স নাইট। জমকালো এ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল পাওয়ার সোর্সের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন ক্রিকেট এনএসডাব্লিউর কর্মকর্তা ক্রেইগ ম্যাকলিয়েন।
মাল্টিকালচারাল টি-টোয়েন্টি ক্রিকেটের এ টুর্নামেন্টে এবারই প্রথম কোন বাংলাদেশি ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্প্রতি সিডনির একটি ফাইভ স্টার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরিজিন ক্রিকেটের চেয়ারম্যান মোদাচ্ছের রাব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসনের সংসদ সদস্য টনি বার্ক এমপি। মাল্টিকালচারাল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
IMG0
টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা মাহিন আবেদীন বলেন, ক্রিকেটের মাধ্যমে ভিন্ন ভিন্ন জাতির মধ্য একতা গড়তেই যাত্রা শুরু করে অরিজিন ক্রিকেট। এবারের আসরে বেস্ট বোলার এ্যাওয়ার্ড জিতেন প্রবাসী বাংলাদেশি নাসির হোসাইন। বেস্ট ব্যাটসম্যান মানিশ মালহোত্রা এবং বেস্ট অল রাউন্ডার পদক জিতেন ওয়াজাহাত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসাইন, ফিজির হাইকমিশনার ইউগেশ পুঞ্জা, সিনেটর স্যাম দিস্তারিয়া, ম্যাট থিসহুইসেল এমপি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলোয়ার গুরিন্দার সান্দু।
১১ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে সাত উইকেটে হাজারা স্টার্সকে পরাজিত করে পাওয়ার সোর্স। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে অস্ট্রেলিয়া প্রবাসী মোট পাঁচটি দেশের ১৮টি দল অংশ নেয়।
ইত্তেফাক/উজ্জল