পার্টিকেল বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড

সোমবার রাতে বন্দরে পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে গেছে বিপুল পরিমাণ পারটেক্স বোর্ড, কেমিক্যাল ও মেশিনারিজ।

মালিক পক্ষ দাবি করেছেন, আগুনে তাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ৭টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরূপণ করা যায়নি।

আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। যাদের মধ্যে মেকানিক্যাল মিস্ত্রি রুবেল ও ইলেক্টট্রিক মিস্ত্রি সুকুমারের নাম পাওয়া গেছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পারটেক্স পার্টিকেল বোর্ড কারখানার এজিএম আবদুল লতিফ জানান, কারখানার ৪ তলা ভবনের তৃতীয় তলায় কেমিক্যাল সেকশনে পারটেক্সের পার্টিকেল বোর্ড লেমেনেটিং করা হয়। এজন্য সেখানে প্রচুর বিদেশি মেশিন ছিল। এছাড়া সেখানে অনেক কেমিক্যাল ও পারটেক্স বোর্ড ছিল।

প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বোর্ড থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনী জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে।

ইত্তেফাক/নূহু