এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর অর্থায়নে চলমান প্রতিটি প্রকল্প দুর্নীতিমুক্ত রাখতে দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। এআইআইবি’র কমপ্লায়েন্স, ইফেক্টিভনেস ও ইন্টিগ্রিটি ইউনিটের মহাপরিচালক হামিদ শরীফের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে মতবিনিময়কালে এ সহযোগিতা চান। প্রকল্পগুলোতে দুদক এবং এআইআইবি যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মতবিনিময় সভায় ইকবাল মাহমুদ বলেন, দেশের যে কোনো প্রকল্প কিংবা কর্মসূচিতে দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তা দমন করার আইনি ম্যান্ডেট রয়েছে দুর্নীতি দমন কমিশনের। এআইআইবি’র প্রকল্পে কেউ কোনরূপ অনৈতিক কর্মকাণ্ড তথা দুর্নীতিতে সম্পৃক্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে। প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ার প্রতিটি ধাপেই দুর্নীতির সুযোগ থাকে। তাই প্রত্যেক ধাপেই সতর্ক থাকতে হবে। তিনি এসব বিষয়ের কারিগরি মূল্যায়ন কমিটিতে বুয়েটের প্রতিনিধি রাখার সুপারিশ করেন।
প্রতিনিধিদলের দলনেতা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর কমপ্লায়েন্স, ইফেক্টিভনেস ও ইন্টিগ্রিটি ইউনিটের মহাপরিচালক হামিদ শরীফ বলেন, এআইআইবি’র প্রতিটি প্রকল্প হবে জাল-জালিয়াতি, অপব্যবহার ও দুর্নীতিমুক্ত। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের নিকট থেকে সার্বিক সহযোগিতা চায় এআইআইবি। দুদক এবং এআইআইবি যৌথভাবে কাজ করলে তারা বাংলাদেশে স্বচ্ছভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মো. মঈদুল ইসলাম, মোহাম্মাদ মুনীর চৌধুরী ও আইআইবি’র সিনিয়র ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট হংলিং ইয়ং ও সিনিয়র ফাইনান্স স্পেশ্যালিস্ট হিয়ান ওয়াং।
ইত্তেফাক/নূহু