খাগড়াছড়ি সরকারি কলেজের মেধাবী ছাত্রী ইতি চাকমার খুনিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে দীঘিনালায় বিক্ষোভ করেছে কলেজের শতশত ছাত্রছাত্রী। বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বের হয়ে উপজেলা শহরতলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দীঘিনালা লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে।
দীঘিনালা কলেজ শাখার পিসিপির সভাপতি জিনিক চাকমার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জে এস এস (লারমা সমর্থিত) জেলা কমিটির সভাপতি প্রীতিময় চাকমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা মল্লিকা চাকমা, দীঘিনালা পিসিপির সভাপতি রাজ্য চাকমা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জ্ঞান চাকমা, দীঘিনালা কলেজ কমিটির পিসিপির সদস্য পিন্টু চাকমা।
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে কলেজ ছাত্রীর খুনের ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সোমবার রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় কলেজ ছাত্রী ইতি চাকমা। তাকে ধারালো দা দিয়ে হত্যা করা হয়। ভগ্নিপতির ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা। খাগড়াছড়ি ভগ্নিপতির বাড়িতে থেকে খাগড়াছড়ি সরকারী কলেজে পড়াশোনা করতো।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানিয়েছে, জড়িত যেই হোক না কেন তদন্ত করে দোষীদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/মাহমুদুল