রাজশাহীতে হরকাতুল জিহাদের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ মণ্ডলের (৩৫) বাড়ি মাগুরায় এবং বুলবুল রহমান ওরফে বাবুর (২২) বাড়ি সাতক্ষীরায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। জিহাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন স্থানে সাংগঠনিক এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
ইত্তেফাক/জামান