নতুন বছর, নতুন সময়। নিজের ক্যারিয়ার থেকে শোবিজের অবস্থানটাও নতুন করে চিন্তা করছেন সবাই। অভিনেত্রী অপর্ণা ঘোষের সময়টাও নতুন বলা যায়। কারণ এর আগে তিনি বড়পর্দায় কাজ করলেও এ বছরে তার চলচ্চিত্রের সময়টা যেন খানিকটা নতুন বলা চলে।
কারণ ‘ভুবন মাঝি’র প্রচারণার পাশাপাশি এতে অপর্ণার ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী ৩ মার্চ ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারে নেমেছে ‘ভুবন মাঝি’ টিম। প্রচারণার বড় অংশ কাজ করছে তরুণ প্রজন্মকে ঘিরে।
এ প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে নিয়মিত চলচ্চিত্র হচ্ছে, এটা অবশ্যই ভালো। তবে আমার মনে হয় প্রচারের অভাবে মুক্তিযুদ্ধের ছবিগুলো পিছিয়ে থাকছে। এমন চিন্তা থেকেই তরুণদের কাছে যাচ্ছি আমরা। আমরা চাই তারা হলে এসে ছবিটি দেখে আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে জানুক।’
চলচ্চিত্রটিতে অপর্ণা অভিনয় করেছেন ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত ঘরের এক তরুণীর চরিত্রে।
চরিত্র প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘ছবিটির গল্পে দেখা যাবে নহির বাউল ওরফে পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাতে উদ্বুদ্ধ করেন ফরিদা। চলচ্চিত্রের পুরো গল্প অসাধারণ। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দেওয়ার।’
ইত্তেফাক/আনিসুর