নিহত পুলিশ সদস্যদের স্মরণে

নোয়াখালীতে পুলিশের প্রথম মেমোরিয়াল ডে পালিত

 
কর্তব্যরত অবস্থায় নোয়াখালী জেলার নিহত পুলিশ সদস্যদের স্মরণে বুধবার সকালে প্রথম পুলিশ মেমোরিয়াল ডে পালন করে জেলা পুলিশ প্রশাসন। এ উপলক্ষে পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও জেলার পুলিশ সুপার।
 
পরে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপারের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. হাবিবুর রহমান।
 
আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, নিহত পুলিশ সদস্য জাকির হোসেনের স্ত্রী উম্মে হানী বেগম, বেলাল হোসেনের ছেলে এমরান হোসেন রিয়াদ ও আবদুল আউয়ালের মেয়ে শিউলি বেগম।
 
প্রসঙ্গত, গত ৬ বছরে বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় নোয়াখালী জেলার ২০ জন পুলিশ সদস্য নিহত হন।
 
ইত্তেফাক/রাফাত