জামালপুরের মেলান্দহে ইভটিজিং ঘটনাকে কেন্দ্র করে সাধুপুর জেএম হাইস্কুলে হামলা চালিয়েছে বখাটেরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে অবরুদ্ধ করে রাখা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হেডমাস্টার আসাদুজ্জামান জানান, ২ বখাটে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন মেনে নিতে ২ দিনের আল্টিমেটাম দেয়। এ নিয়ে বখাটেদের ডেকে শ্বাসিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেন। এ নিয়ে বখাটেরা ছাত্রী পক্ষের লোকদের উপর নানাভাবে হুমকি প্রদর্শন করছিল। একপর্যায়ে বুধবার (১ মার্চ) দুপুরে বখাটেরা লাঠিসোটা-দা-ফালা নিয়ে স্কুলে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক এবং এসএমসি সভাপতি আলহাজ নুরুল আমিন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হট্টগোলের পরপরই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এসএমসির সদস্য সাইফুল ইসলাম খোকা জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য এলাকাবাসী দায়িত্ব নিয়েছেন।
ইত্তেফাক/মাহমুদুল