জামালপুরের মেলান্দহে প্রেম নিবেদনে সাড়া না পেয়ে স্কুলে হামলা চালিয়েছে বখাটেরা।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাধুপুর জেএম হাই স্কুলে। এ সময় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, ২৬ মার্চ স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল। ওই দিন দুই বখাটে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন মেনে নিতে দুই দিনের আল্টিমেটাম দেয়। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে বখাটেদের ডেকে শাসিয়ে অভিভাবকদের হাতে তুলে দেন। এ নিয়ে বখাটেরা ছাত্রী পক্ষের লোকদের উপর নানাভাবে হুমকি প্রদর্শন করছিল। একপর্যায়ে বুধবার দুপুরে লাঠিসোটা-দা-ফালা নিয়ে স্কুলে হামলা চালায় বখাটেরা। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাস্মেল হক আলহাজ নূরুল আমিন বিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হট্টগোলের পরপরই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/জামান