গাপটিলের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত ১৮০ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনলো নিউজিল্যান্ড। সোমবার সিরিজের চতুর্থ ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে ব্ল্যাক-ক্যাপসরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে। 
 
হ্যামিল্টনে চতুর্থ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন ওপেনার কুইন্টন ডি কক। এরপর ৬৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার হাশিম আমলা ও ফাফ ডু-প্লেসিস। আমলা ৪০ রানে ফিরলেও, ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৬৭ রানে থামেন ডু-প্লেসিস।
 
মিডল-অর্ডারে জেপি ডুমিনি ও ডেভিড মিলার বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ডুমিনি ২৫ ও মিলার ১ রান করেন। ফলে বড় স্কোর গড়া নিয়ে চিন্তায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স লোয়ার-অর্ডারের দুই ব্যাটসম্যান ক্রিস মরিস ও ওয়েন পার্নেলকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ২৭৯ রানে পৌঁছে দেন। ডি ভিলিয়ার্স ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৯ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। মরিস ২৭ বলে ২৮ ও পার্নেল ১২ বলে ২৯ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে জিতান প্যাটেল ২টি উইকেট নেন। 
 
জবাবে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ডও। দলীয় ৫ রানে ওপেনার ডিন ব্রাউনলি ব্যক্তিগত ৪ রানে থামেন। এরপর পরিস্থিতি সামাল দেন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। গড়েন ৭২ রানের জুটি। উইলিয়ামসন ২১ রানে ফিরে গেলে ক্রিজে গাপটিলের সঙ্গী হন রস টেইলর।
 
তৃতীয় উইকেটে গাপটিল ও টেইলরের ১৮০ রানের জুটিতে নিউজিল্যান্ডের জয়ের পথ সহজ হয়ে যায়। ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে ৩০ বল আগেই দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন গাপটিল। ১৫টি চার ও ১১টি ছক্কায় মাত্র ১৩৮ বল মোকাবেলা করে ১৮০ রানে অপরাজিত থাকেন গত ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনবদ্য ২৩৭ রান করা গাপটিল।  টেইলর করেন ৯৭ বলে ৬৬ রান। ম্যাচের সেরা হয়েছেন গাপটিল। আগামী ৪ মার্চ অকল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
 
ইত্তেফাক/সাব্বির