ইতি চাকমার হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 
 
বুধবার সকালে শহরের চেঙ্গী স্কয়ারে   বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা এ কর্মসূচি পালন করে। 
 
সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসীম চাকমার সভাপতিত্বে ও খাগড়াছড়ি মহিলা কলেজ শাখার আহ্বায়ক উক্রাচিং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপির জেলা শাখার সহ-সভাপতি তপন চাকমা, হিল উইমেনস ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালি চাকমা,  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সদস্য রনেল চাকমা প্রমুখ।  
 
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপির খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি সন্তোষ চাকমা ও খাগড়াছড়ি মহিলা কলেজের ছাত্রী সাদিয়া আক্তার। 
 
বক্তারা বলেন,  ইতি চাকমার হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত কল্পনা চাকমা অপহরণ, সুজাতা, তুমাচিং সবিতা, ছবি মারমাসহ আরো অনেক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনারই ধারাবাহিক অংশ। এ সব ঘটনার বিচার না হওয়ায় বার বার এমন নৃশংস ঘটনা সংঘটিত হচ্ছে।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/উজ্জল