ফতুল্লায় চাঁদা না দেয়ায় সিএনজি চালককে জখম

 
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেয়ায় এক সিএনজি চালককে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
 
সিএনজি চালকের নাম শাহ আলম (৩৫)। সে ফতুল্লার শহীদনগর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। বুধবার দুপুর একটায় নূরবাগ এলাকায় এঘটনার পর আহত শাহ আলমকে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা। এরপর থেকে ওই সড়কে সিএনজি চলাচল বন্ধ রাখে চালকরা।
 
শাহ আলম আরো জানান, তার বন্ধু আরিফ একটি নতুন সিএনজি বুধবার সকালে সড়কে নামিয়েছেন। এতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আরিফের সিএনজি আটক করে তাকে মারধর করতে থাকে। এসময় শাহ আলম এর প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এব্যাপারে থানায় অভিযোগ করবেন তিনি। তবে আইনগত ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই সড়কে সিএনজি চলাচল বন্ধ থাকবে।
 
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান