গোপালগঞ্জে দুই নসিমনের সংঘর্ষে কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন।
বুধবার বিকেলে সদর উপজেলার গান্ধীয়াশুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার নিধিপুর গ্রামের তকু মোল্যার ছেলে কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি মহিদুল মোল্লা (২৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারহাট গ্রামের বাহার গাজীর ছেলে নসিমন চালক সাবুর কাজী (৩৪)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বিকেলে নিহতরা একটি নসিমনে করে কোকাকোলার পণ্য নিয়ে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে গরু বোঝাই অপর একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি মহিদুল মোল্লা ও নসিমন চালক সাবুর কাজী মারা যান।
ইত্তেফাক/উজ্জল