বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিত্সকদের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিতসহ অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রী এ নির্দেশ দেন।
শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকদের হাতে রোগীর স্বজনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনাকে ‘গর্হিত কাজ’ বলে উল্লেখ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত তদন্তু কমিটি। গতকাল দুপুরে সচিবালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তদন্ত কমিটির প্রতিবেদন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে প্রধান করে গঠিত তদন্তু কমিটির প্রতিবেদন তিনি হাতে পেয়েছেন।
সাংবাদিকদের ওই প্রতিবেদন দেখিয়ে তিনি বলেন, মুমূর্ষু রোগীর স্বজনকে দফায় দফায় মারধর ও লাঞ্ছিত করার ঘটনাকে তদন্ত কমিটি গর্হিত কাজ হিসেবে উল্লেখ করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজকালের মধ্যে অ্যাকশন নেওয়া হবে।
সম্প্রতি বগুড়া শজিমেক ও হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকদের বিরুদ্ধে এক মুমূর্ষু রোগীর স্বজনদের দফায় দফায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় আড়াই ঘন্টা প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে সেবা বন্ধ রাখে ইন্টার্ন চিকিত্সকরা। পরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ডাক দেন। বিএমএ ও স্বাচিপের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর-পরই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মন্ত্রীর নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশুের উত্তর দেন স্বাস্থ্য মন্ত্রী মোহম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সীমিত সম্পদ দিয়ে অধিক সংখ্যক মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা হচ্ছে। নতুন ওষুধ নীতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নকল-ভেজাল বন্ধে মডেল ফার্মেসি চালু করা হচ্ছে। রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে এই ফার্মেসি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে মডেল ফার্মেসি চালু করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, মেডিক্যাল শিক্ষার সঙ্গে মানুষের জীবন-মরণের সম্পর্ক রয়েছে। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর মান বজায় রাখতে হবে। নিম্নমানের কলেজ থেকে বের হয়ে একজন দক্ষ চিকিত্সক হওয়া এবং মানসম্মত চিকিত্সাসেবা দেয়া সম্ভব নয়। এ ধরনের চিকিত্সকরা অনেক সময় জাতির জন্য হুমকি হয়ে ওঠেন। ভাড়াটে ক্যাম্পাসে স্বাস্থ্যকর পরিবেশ থাকে না। তাই সম্প্রতি ৪টি মেডিক্যাল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে।
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা নিরীক্ষার উচ্চ ফী আদায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে নামমাত্র ডায়াগনোসিস ফি নেয়া হয়। সরকারি হাসপাতালের চেয়ে অনেকগুণ বেশি ফি নেয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানে। ফি কমিয়ে আনার জন্য ওই সব প্রতিষ্ঠানের মালিকদের আহ্বান জানিয়ে আসছি। খুব শীঘ্রই ওই সব প্রতিষ্ঠানের মালিকদের আবার ডেকে এনে বিষয়টি নিয়ে আলোচনা করব। মেডিক্যাল কলেজগুলোতে বেসিক সায়েন্সের শিক্ষক সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে। একারণে ছাত্র-ছাত্রী সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী দ্রুত সংকট নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, অ্যানেসথেশিয়া বিভাগে চিকিত্সক সংকটের কারণে জেলা-উপজেলা হাসপাতালে অস্ত্রোপচারে কিছুটা সমস্যা হচ্ছে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে অ্যানেসথেশিষ্ট সংকটের সমাধান হবে। চিকিত্সা শিক্ষায় মৌলিক বিষয়ে শিক্ষক সংকট নিরসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।
সঙ্গীতশিল্পী লাকী আখন্দের শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী
প্রখ্যাত সঙ্গীতশিল্পী লাকী আখন্দকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাকী আখন্দ চিকিত্সাধীন রয়েছেন। মন্ত্রী তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিত্সার খোঁজ-খবর নেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু