মুকসুদপুরে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্লাস চলে খোলা আকাশের নিচে

মুকসুদপুর উপজেলার ৫১নং বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে খোলা আকাশের নিচে চলছে ক্লাস।

ভবনের ছাদ/বিম খসে পড়ছে অনেক দিন আগেই। তবে গত শনিবার ক্লাস চলাকালে স্কুল লাইব্রেরির ভিম খসে পড়ার শব্দ শুনে ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরদিন রবিবার বড় কোনো দুর্ঘটনার ভয়ে খোলা আকাশের নিচে ক্লাস চলছে ২৪১ জন কোমলমতি শিক্ষার্থীর।

প্রধান শিক্ষিকা তানিয়া পারভীন জানান, ১৯২৫ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৫ সালে পাকা ভবন নির্মাণ করা হয়। ১৮ বছর পর ২০১৪ সালে স্কুলটি  ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে নতুন একটি ভবনের জন্য আবেদন করেন যা এখনো বাস্তবায়িত হয়নি।  

শিক্ষার্থীরা জানায়, আমরা অনেকদিন ধরে খুব ভয় নিয়ে ক্লাস করে আসছি। মাঝে মাঝেই ছাদ/ভিমের ঢালাই আমাদের উপর খসে পড়ে।  ঝড় বৃষ্টি আসার আগেই আমাদের একটি ভবন না করে দিলে লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৌত্র জানান, সম্প্রতি জরাজীর্ণ ভবনের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।

ইত্তেফাক/নূহু