ধারাবাহিকেই ব্যস্ত তিনি...

 
অভিনয়ই এখন তার ধ্যানজ্ঞান। যে কারণে ডাক্তারী পড়াশোনা শেষ করেও পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন তিনি। তিনি আজমেরী হক বাঁধন। এই মুহূর্তে নতুন পাঁচটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।
 
ধারাবাহিকগুলো হলো সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’, সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’, মাসুদের ‘পোস্টমর্টেম’ এবং আশরাফুজ্জামানের ‘স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন’। পাঁচটি ধারাবাহিকে পাঁচটি ভিন্ন চরিত্রে নতুন নতুন বাঁধনকে খুঁজে পাওয়া যাবে বলে জানান বাঁধন।
 
বাঁধন বলেন, ‘অভিনয়ে অনেক আগে থেকেই আমি সিরিয়াস। এখন আরও বেশি সিরিয়াস। স্ক্রিপ্ট নিয়ে অনেক ভাবি আমি, পাশাপাশি আমার চরিত্র নিয়েও। শুটিংয়ের আগে রিহার্সেল করে নিজের অভিনয়কে আরও সমৃদ্ধ করারও চেষ্টা করছি। যাতে যে নতুন ধারাবাহিকগুলোতে অভিনয় করছি—সবগুলোতেই যেন আমাকে দর্শক নতুনভাবে দেখেন। একটির সঙ্গে যেন আরেকটি চরিত্র কোনোভাবেই মিলে না যায়। একজন অভিনেত্রী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকেই আমি আমার পেশাকে ভালোবাসি, পেশাকে নিয়ে ভাবি, আমার অভিনয় নিয়ে ভাবি আমি। কারণ একজন অভিনয়শিল্পী হিসেবেই আমি আজীবন কাজ করতে চাই।’
 
এদিকে গেল ভালোবাসা দিবসে রিফাত মাহমুদের নির্দেশনায় ‘সখি ভালোবাসা কারে কয়’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে। এতে বাঁধনের অভিনয় প্রশংসিত হয়। এদিকে বাঁধন সর্বশেষ একটি বহুজাতিক কোম্পানির ফার্নিচারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। জিটিভিতে প্রচার চলতি ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করতেন তিনি। কিন্তু অভিনয় নিয়ে তাকে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে, উপস্থাপনা থেকে আপাতত ছুটি দিলেন নিজেকে।
 
ইত্তেফাক/আনিসুর