উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আলামিনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
চাচাতো বোন ও নিজের মেয়েকে উত্যক্ত করা বখাটেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ২০০৬ সালের ১৩ এপ্রিল নিহত হন শহীদুল ইসলাম। বখাটেরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১২ সালের ৮ মে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আলামিনকে মৃত্যুদণ্ড দেয়। এ ছাড়াও বাকি দুই আসামি মইনুদ্দিন ও দ্বীন ইসলামকে খালাস দেয়া হয়।
পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। হাইকোর্ট শুনানি শেষে আজ এ রায় দেয়।
আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত কৌসুলি মুহাম্মদ আশরাফ উদ্দিন খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ শুনানি করেন।
ইত্তেফাক/রাফাত