খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দলীয় কার্যালয় এবং প্রেসক্লাবের সামনে জেলা ও মহানগর শাখা পৃথক কর্মসূচি শুরু করে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
 
কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এতে বক্তারা কোনো কারণ ছাড়াই আকস্মিকভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারের কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানান। ’
 
এ সময় সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, জাফর উল্লাহ খান সাচ্চু,   জলিল খান কালাম, শেখ খায়রুজ্জামান খোকা, স ম আব্দুর   রহমান, শাহজাহান বাবলু, ফখরুল আলম, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, ইউসুফ হারুন মজনু, মেহেদী হাসান, শের আলম সান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
অপরদিকে, জেলা শাখার সভাপতি এসএম শফিকুল আলম মানার সভাপতিত্বে জেলা বিএনপি খুলনা প্রেসক্লাবের সামনে একই কর্মসূচি পালন করে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদরত-ই-আমির এজাজ খানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সালেহ্