দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে মার্টিন গাপটিলের রেকর্ড ভঙ্গকারী পারফরমেন্স টেস্ট দলে জায়গা করে নিতে যথেষ্ট নয় বলেই দাবী করেছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। বুধবার হ্যামিল্টনে গাপটিলের ১৩৮ বলে অপরাজিত ১৮০ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করেছে। এই জয়ে কিউইরা পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফিরিয়েছে। শেষ ম্যাচটি শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে।
প্রোটিয়াদের বিপক্ষে কোন নিউজিল্যান্ড ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে নিউজিল্যান্ডের পক্ষে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ। আগের দুটি রেকর্ডও তারই দখলে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান ও ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাপটিল একাই করেছিলেন ২৩৭ রান।
গাপটিলের এই ইনিংসকে ‘ব্যতিক্রম’ হিসেবে আখ্যা দিয়েছেন হেসন ।একইসাথে তিনি বলেছেন ৩০ বছর বয়সী এই হার্ড হিটিং ব্যাটসম্যান ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজের জায়গা ফিরে পেতে চেষ্টা করছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী বুধবার থেকে ডানেডিনে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউই দলে জায়গা পাননি গাপটিল।
এ সম্পর্কে হেসন বলেছেন, সে টেস্ট দলে নেই। আমি মনে করি এই মুহূর্তে মার্টিনের রেকর্ড দেখে তারপর সিদ্ধান্ত নেই উচিত। বিশ্বে এমন অনেক খেলোয়াড় রয়েছে যাদের একটি ফর্মেটে দুর্দান্ত রেকর্ড থাকলেও অন্যটিতে তার কিছুই নেই। তিনটি ফর্মেটই ভিন্ন।
ওয়ানডেতে গাপটিলের ব্যাটিং গড় যেখানে ৪৩.৯৮ সেখানে টেস্টে গড় ২৯.৩৮। গত বছর ভারত সফরের পরে তিনি টেস্ট দল থেকে বাদ পড়েন। সেখানে ছয় ইনিংসে তিনি মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। হেসন অবশ্য মনে করেন ওপেনার নয় বরং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে গাপটিল টেস্ট দলে জায়গা করে নিতে পারেন। কিন্তু সেজন্য তাকে ঘরোয়া ক্রিকেটে আগে নিজেকে প্রমাণ করতে হবে।
ইত্তেফাক/রেজা