চীনে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির ৬ শাখা উদ্বোধন

চীনের হেনান প্রদেশে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির ছয়টি শাখা উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস  প্রধান অতিথি হিসেবে  এ সব শাখার উদ্বোধন করেন। 
 
এই প্রদেশের দরিদ্র মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ আর্থিক সেবাটি চালু হলো সরকার প্রতিষ্ঠিত জংইউয়ান ব্যাংক ও গ্রামীণ চায়নার যৌথ উদ্যোগে। হেনানে অবস্থিত জংইউয়ান ব্যাংক মাত্র ২০১৪ সালে প্রতিষ্ঠিত হলেও গত বছর ব্যাংকটি ৩ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। গ্রামীণ চায়না পরিচালিত এই নতুন কর্মসূচির জন্য ঋণ মূলধন ও পরিচালনা ব্যয় অর্থায়ন করবে জংইউয়ান ব্যাংক। 
 
হেনান প্রদেশের জেংজুতে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করতে ও সহযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ব্যাংকটি প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। চীনের কেন্দ্রস্থলে অবস্থিত তিন হাজার বছরের পুরোন ঐতিহ্যবাহী হেনান প্রদেশকে চৈনিক সভ্যতার সূতিকাগার বিবেচনা করা হয়। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাদেশিক সরকারের সিনিয়র সদস্য, ব্যাংকটির চেয়ারম্যান ও প্রেসিডেন্ট। জেংজু শহরের প্রায় ২৫০ জন বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
IMG0
এর আগে জেংজুতে অবস্থিত চীনা কমুনিস্ট পার্টি অফিসে প্রফেসর ইউনূস ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান ১০ কোটি জনসংখ্যা অধ্যুষিত হেনান প্রদেশের প্রাদেশিক সরকারের চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ রাজনৈতিক নেতা সেক্রেটারী জি ফু জান। সেক্রেটারি বিশ্বব্যাপী দরিদ্র মানুষদের জন্য বিশেষত চীনের দারিদ্র বিমোচন কর্মসূচিতে তার অসাধারণ অবদানের জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান। 
 
জি ফু জান বলেন, প্রফেসর ইউনূস তার কর্ম ও দর্শনের জন্য সমগ্র চীনে বহুল পরিচিত এবং জংইউয়ান ব্যাংক ও গ্রামীণ চায়নার এই যৌথ উদ্যোগটিতে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি এই কর্মসূচিতে সকল সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং সভায় আগত পার্টি কমিটির শীর্ষ পর্যায়ের নেতাদের প্রফেসর ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 
 
প্রফেসর ইউনূস দারিদ্র বিমোচনে চীনের প্রতিশ্রুতি ও গত তিন দশকে ৩০ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসার জন্য সেক্রেটারিকে অভিনন্দন জানান।তিনি বলেন, ২০২০ সালের মধ্যে দারিদ্র দূরীকরণের যে লক্ষ্যমাত্রা চীন ধার্য করেছে তা অর্জনে তিনি আনন্দের সাথে সব ধরনের সহযোগিতা করবেন। 
 
এর আগের দিন গ্রামীণ চায়না চীনে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির অগ্রগতির উপর বেইজিংয়ে একটি অর্ধ-দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে। চীনে ক্ষুদ্রঋণ নিয়ে নেতৃত্ব দিচ্ছেন  এমন সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি এই সম্মেলনে তাদের সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন গ্রামীণ ট্রাস্টের প্রফেসর লতিফী ও আব্দুল হাই খান এবং গ্রামীণ অ্যাসোসিয়েশন অব মাইক্রাফাইনান্স দু জিয়াওশান এবং বাই চেংইয়ুর সিনিয়র প্রতিনিধিরা। 
 
ইত্তেফাক/উজ্জল