বাসে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক ৬

 
গাজীপুরে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে ছয় ডাকাতকে আটক করেছ টঙ্গী থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে টঙ্গী থানার পুলিশের চার কনষ্ট্রেবল আহত হয়েছেন।
 
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শুক্রবার ভোর চারটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের একটি বাসে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। এসময় ওই এলাকায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ছয় ডাকাতকে আটক করে। 
 
ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে কনস্ট্রেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
 
ইত্তেফাক/কাউছার