হলে গিয়ে সিনেমা দেখলেন ঠাকুরগাঁওয়ের ডিসি

 
শুক্রবার সময় তখন সন্ধ্যা ৬টা। ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী বলাকা সিনেমা হলের সামনে জেলা প্রশাসনের কয়েকটি গাড়ি। গাড়ি থেকে জেলা প্রশাসক আব্দুল আওয়াল নেমে সিনেমা হলে প্রবেশ করেন। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ফখরুল আরেফিন খান নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা 'ভুবন মাঝি' শো এর উদ্বোধন করা হয়। পরে নিজেই হলে বসে ওই সিনেমা দেখেন ডিসি।
IMG0
পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, মুক্তিযুদ্ধ বিষয়ে সিনেমাটি অসাধারণ। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে সকলকে এই সিনেমা দেখার আহ্বান জানান। তিনি আরো বলেন, 'আমরা আগে লুকিয়ে হলে গিয়ে সিনেমা দেখতাম। বর্তমান প্রজন্ম সিনেমা হল বিমুখ।' বাংলাদেশের ইতিহাস ও বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সিনেমা তৈরির জন্য নির্মাতাদের আহ্বান জানান। সেইসঙ্গে সিনেমা হলের ঐতিহ্য ফিরে পেতে পরিবারসহ সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অনুরোধ করেন।
 
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ, ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, পৌর কাউন্সিলর আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন পুলকসহ অনেকই।
 
উল্লেখ্য, চলচ্চিত্রের এ বেহাল দশার কারণে একে একে মুখ থুবড়ে পড়েছে সিনেমা হলগুলো। ঠাকুরগাঁও শহরে টিকে আছে শুধু বলাকা সিনেমা হল।
 
আর সবমিলিয়ে জেলার দুটি একটি বাদে সকল প্রেক্ষাগৃহই এখন বন্ধ। চলচ্চিত্র শিল্প ধ্বসের কারণেই এ পরিস্থিতি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। তাই এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সিনেমা হল মালিকরা।
 
ইত্তেফাক/জামান