'সংস্কৃতি ছাড়া জঙ্গি থেকে মুক্তি সম্ভব নয়'

 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে হলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সংস্কৃতি ছাড়া এসব উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয়।'
 
শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।
 
এসময় রাশেদ খান মেনন বলেন, 'সংস্কৃতি মানে বাঁচা, দারুণভাবে বাঁচা। দেশের সংস্কৃতিতে সিলেটের অবদান অনেক বেশি। মনিপুরী, খাসিয়াসহ অনেক আদিবাসী গোষ্ঠীর বসবাস এই অঞ্চলের সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে। এখানে হাসন রাজা, রাধারমণ, শাহ আব্দুল করিমসহ অনেক মরমী সাধক জন্ম নিয়েছেন।'
 
সমাপনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, সিলেটের বিভাগীয় কমিশনার নজমুনারা খানম, শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানি বক্তব্য দেন। সমাপনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে হাছন রাজা মঞ্চে শুরু হয় শেষ দিনের সাংস্কৃতিক আয়োজন। মধ্যরাত পর্যন্ত দর্শকপ্রিয় এই গানের আসর চলবে।
 
ইত্তেফাক/জামান