‘আমার লড়াই আমার গান উঠবে জেগে সর্বপ্রাণ’

 
শুরু হলো অষ্টম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা। ‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্বপ্রাণ’ স্লোগানে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত এ প্রতিযোগিতার সূচনা হয় শুক্রবার। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিনকে উপলক্ষ করে আয়োজিত এ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্ব অনুষ্ঠিত হয় গতকাল।
 
সকালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে সেমিনার কক্ষে দলীয়ভাবে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’—এই চারটি বিভাগে প্রতিযোগিতা হয়। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনুর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, ১২ থেকে অনুর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত ছিলেন। দলীয় প্রতিযোগিতার ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয় ছিল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণসঙ্গীত গীতিকার ও সুরকার অধ্যাপক মতলুব আলী, শাহীন সরদার ও সোহানা আহমেদ।
 
প্রতিযোগিতা শুরুর আগে ছিল সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ পর্বে তিন বিচারক ছাড়াও আলোচনা করেন উদীচী ঢাকা বিভাগীয় কমিটির আহবায়ক শিবাণী ভট্টাচার্য ও ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এরপর শুরু হয় প্রতিযোগিতা।
 
টেরাকোটা প্রদর্শনী: এটা টেরাকোটার প্রদর্শনী নাকি আয়নার এটা বুঝতে কষ্ট হয়। আয়নার কোনো ফ্রেমে রয়েছে পাখি, কোথাও গিটার, কোনোটাতে মনোরম কোনো দৃশ্য। গ্যালারিতে শোভা পাচ্ছে কিছু আয়না, সুন্দর ফ্রেমের গুণে আয়নাগুলো হয়ে উঠেছে অনিন্দ্য শিল্পকর্ম।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এ চলছে শিল্পী মৌসুমী আক্তার সীমার ‘প্রতিচ্ছবি’ শীর্ষক একক টেরাকোটা প্রদর্শনী। শিল্পী চারুকলার মৃিশল্প বিভাগের এমএফএ’র শিক্ষার্থী। এটি শিল্পীর প্রথম একক টেরাকোটা প্রদর্শনী। পোড়া মাটি ও কাঠ, এই দুই মাধ্যমে কাজগুলো করা।  আয়নার ফ্রেমে ব্যবহূত হয়েছে পোড়া মাটি ও কাঠের নানা নান্দনিক আবহ। মার্চের প্রথম দিন শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে  প্রদর্শনী।
 
শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যা:উচ্চাঙ্গসংগীত সুরপ্রধান অথচ রসহীন ও কাঠিন্যে ভরা সংগীত—প্রচলিত এই ধারণাকে যেন ভেঙে দিলেন প্রখ্যাত ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী আচার্য জয়ন্ত বোস। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান মিলনায়তনে সুরের স্রোতধারায় শ্রোতাদের মুগ্ধ করলেন এই শিল্পী।  তাঁর সাথে  তবলায় সঙ্গত করেন পন্ডিত বিপ্লব ভট্টাচার্য ও সুব্রত দাস। সঙ্গীতাসন্ধ্যার আয়োজক বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ।
 
শাস্ত্রীয়সঙ্গীত সন্ধ্যার শুরুতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ রায়, উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ, নাট্যজন ড. ইনামুল হক, বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী মাহমুদ সেলিম ও নাট্যজন শংকর শাওজাল।
 
আবৃত্তিসন্ধ্যা ‘খড়কুটোয় স্বপ্ন খুঁজি’:মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হলো দলটির জ্যেষ্ঠ সদস্য নাসিমা খান বকুলের একক আবৃত্তিসন্ধ্যা। তাঁর পরিবেশিত প্রযোজনাটির শিরোনাম ছিল ‘খড়কুটোয় স্বপ্ন খুঁজি’। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই বাচিকশিল্পী  রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমানসহ নবীন-প্রবীন কবিদের ২১টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন।
 
‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ চিত্রপ্রদর্শনী শুরু আজ:দেশের প্রথিতযশা ৪০জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম নিয়ে আজ শনিবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নং গ্যালারিতে শুরু হবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন  করেছে ‘সমতট সোনারগাঁ’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
 
সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন হবে। এতে  প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী  আসাদুজ্জামান নূর। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সেমিনার হলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, শিল্পী হাশেম খান প্রমুখ ।
 
ইত্তেফাক/কাউছার