‘সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষাও আধুনিকায়ন করতে হবে’

দেশে বিদ্যমান জেনারেল শিক্ষার পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। ইসলাম ধর্মানুসারী সকলেই দ্বীনের শিক্ষা পেতে ছেলে-মেয়েদের কওমি মাদ্রাসায় লেখাপড়া করিয়ে থাকে। এসব মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলেম ওলামাগণ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এখনও এই সব মাদ্রাসায় আধুনিকতার ছোঁয়া লাগেনি। পড়তে আসা ছেলে মেয়েরা অনেক কষ্ট সহ্য করে পড়ের বাসায় লজিং থেকে দ্বীনের শিক্ষা নিচ্ছে। অথচ এরাই আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করে সমাজকে সঠিক পথে পরিচালিত করছে। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমি আশা করি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও তিনি আরো একধাপ এগিয়ে নিয়ে যাবেন। পড়তে আসা শিক্ষার্থীদের থাকা-খাওয়ার সুব্যবস্থা, পাকা ভবন নির্মাণসহ বিজ্ঞানভিত্তিক কম্পিউটার জ্ঞান সম্পর্কে তাদের ধারণা দিয়ে পাশে দাঁড়াতে হবে।
 
শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে কালামৃধা খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৫ তলা বিশিষ্ট ভবন নির্মিত হলে এতিমদের পাশাপাশি দ্বীনে ইসলামের শিক্ষা নিতে আসা শিক্ষার্থীরা লেখাপড়ার ভাল সুযোগ পাবে। 
 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন আরো বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ফরিদপুর-৪ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার মান উন্নয়ন করা হবে। এখনও যেসব মাদ্রাসায় জরাজীর্ণ টিনের ঘরে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে আগামীতে সেসব মাদ্রাসাকেও পাকা ভবণে পরিণত করা হবে।
 
কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান লিঠু মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। এর আগে মাননীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরীকে মাদ্রাসার কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয়।
 
ইত্তেফাক/মাহমুদুল