পাংশায় ছোট ভায়রার হাতে বড় ভায়রা খুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজের দুইদিন পর আলম প্রামানিক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলম হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত ইসমাইল প্রামানিকের ছেলে।
 
শনিবার সকালে উপজেলার উদয়পুর এলাকায় একটি ফসলের মাঠে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
 
এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভায়রা করিম খানকে (২৮) আটক করেছে। তিনি যশাই ইউপির চরলক্ষীপুর গ্রামের জামাল খানের ছেলে।
 
নিহতের স্বজনরা জানায়, শশুর আমজাদ খানের কাছে তার বড় জামাতা আলম প্রামানিক স্নেহের পাত্র ছিলেন। আর এ জন্যই শশুর আমজাদ খানের জায়গা জমি দেখভাল করতেন আলম। এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না ছোট জামাই করিম। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
 
পাংশা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি)মোফাজ্জেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর শুক্রবার বিকালে অভিযুক্ত করিমকে আটকের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য বেরিয়ে আসে। পলাতক অপর আসামি হারুনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/সালেহ্