অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) নিবন্ধন কার্যক্রম চলতি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে। এর আগেই ব্যবসায়ীদেরকে অনলাইনে নিবন্ধন করতে বলেছি। চলতি মাসেই প্রধানমন্ত্রী এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন।
শনিবার ঢাকায় এফডিসি মিলনায়তনে আয়কর ব্যবস্থাপনার ওপর অনুষ্ঠিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
নজিবুর রহমান বলেন, দেশে জনবান্ধব কর ব্যবস্থা গড়ে তুলতে আয়কর,ভ্যাট ও কাস্টমস আইনে আমূল পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে কর ভীতি দূর করতে কর কর্মকর্তাদের মধ্যে সেবাবান্ধব মানসিকতা তৈরি করা হচ্ছে। সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের প্রণোদনা দেয়া হচ্ছে।
রাজস্ব আহরণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের বর্ণনা করে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সাড়ে ২৭ লাখ ইটিআইএনধারী চিহ্নিত করেছি। এই বিপুল সংখ্যক ইটিআইএনধারীর অর্থ হলো জনগণ সজাগ হচ্ছে। তারা করদানে উদ্বুদ্ধ হচ্ছে।-বাসস।
ইত্তেফাক/মুস্তাফিজ/উজ্জ্বল