একমাত্র পাথর খনিতে তৃতীয় শিফটের কাজ শুরু

 
দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড-এ অবশেষে তিন শিফটের কাজ শুরু হয়েছে।
 
শনিবার থেকে তৃতীয় শিফটের শ্রমিকরা কাজে যোগ দেয়ায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবার পুরোদমে পাথর উত্তোলন হতে যাচ্ছে খনিটিতে।
 
কোম্পানি'টি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক ১৫ থেকে ১৮'শ টন পাথর উত্তোলন হলেও, পরে তা নেমে আসে মাত্র পাঁচ'শ টনে। এই অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ২০ফেব্রুয়ারি খনির দায়িত্ব দেয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি'কে।
 
জিটিসি ৬মাসের মধ্যেই দৈনিক উৎপাদন পাঁচশ' টন থেকে উন্নীত করে নিয়ে যায় সাড়ে পাঁচ হাজার টনে। কিন্তু চুক্তি মোতাবেক মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড মাইনিং ইকুইপমেন্ট সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ইকুইপমেন্টের অভাবে ২০১৫ সালের ২৩সেপ্টেম্বর থেকে পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ করে দেয় জিটিসি।
 
জিটিসি ২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রায় ১৪৪ কোটি টাকার মাইনিং ইকুইপমেন্ট (যন্ত্রপাতি ও মেশিনপত্র) আমদানির জন্য খনি কর্তৃপক্ষকে জানায়। সে সময় যন্ত্রপাতিসহ অন্যান্য মালামালের বাজারমূল্য ও উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে জিটিসির সাথে খনি কর্তৃপক্ষের মতবিরোধ দেখা দেয়। পরে খনির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পেট্রোবাংলার হস্তক্ষেপে বিদেশ থেকে আনা হয় এসব ইকুইপমেন্ট। বিদেশ থেকে আমদানিকৃত নতুন ও আধুনিক এসব ইকুইপমেন্টের অধিকাংশই খনির ভূ-অভ্যন্তরে স্থাপন করা হয়েছে।
 
তিন শিফট চালু হওয়ায় এলাকাবাসী আশার আলো দেখছেন। পাথর ব্যবসায়ীদের মাঝেও স্বস্তি ফিরেছে। পাথর খনির একটি সূত্র জানায়, খনিতে তৃতীয় শিফটে উন্নয়ন কাজ শুরু হওয়ায় পাথর উত্তোলন কাজ তড়িৎ হওয়ার আশা করছেন তারা। ভু-গর্ভের উন্নয়ন কাজ শেষে তিন শিফটে পাথর উত্তোলন শুরু হবে এবং তা ধারাবাহিক ভাবে চলবে এতে খনির উৎপাদনও বহুগুণ বেড়ে যাবে। খনির তিন শিফটে কাজ করাকালীন সময়েও খনি থেকে প্রতিদিন পাথর উত্তোলন হবে বলেও সূত্রটি জানায়।
 
ইত্তেফাক/জামান