তিন ভাই মিলে পিটিয়ে গাড়িচালককে হত্যা

 
রাজধানীর খিলক্ষেতে আপন তিসভাই পিটিয়ে এক গাড়িচালককে হত্যা করেছে। ওই চালকের নাম কিছমত আলী (৪২)। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
 
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় রাতে গাড়ি চালক কিছমত মারা যান। ওই ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেফতার করলেও মুলহোতা তিন ভাই সাজু, রাজু ও তপু পলাতক রয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুড়াতলী এলাকায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন কিছমত আলী। সেখানে স্থানীয় প্রভাবশালী তিন ভাই সাজু, রাজু ও তপুসহ তাদের আরও দুই সহযোগী ছিলেন। গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে তাদের সঙ্গে কিছমতের বাকবিতন্ডা হয়। এর জের ধরে ওই তিন ভাইসহ লাবলু ও মোজাম্মেল তাকে এলোপাতাড়ি কিল—ঘুষি দেয়। ইট দিয়ে তাকে পেটাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কিছমতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 
খিলক্ষেত থানা ওসি অপরেশন মো. আদিল হোসেন জানান, ওই রাতে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে এমন ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, ওই ঘটনায় সাজু, রাজু ও তপু, লাবলু ও মোজাম্মেলের নামে হত্যা মামলা হয়েছে। মামলার বাদি হয়েছেন নিহতের ভাই লিয়াকত আলী। লাবলু ও মোজাম্মেলকে গ্রেফতার করা হলেও অপর তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/মণ্ডল