আওয়ামী লীগ সম উন্নয়নে বিশ্বাসী : খালিদ মাহমুদ

দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ সম উন্নয়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
 
শনিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
খালিদ মাহমুদ বলেন, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। আমরা সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি । রাস্তা করেছি সব এলাকায়।
 
বিএনপি আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা দল বেধে লুটপাট করত। বিএনপি নেতার বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাগত, তার বাড়ির সামনের রাস্তা পাকা হত। অন্যরা উন্নয়ন বঞ্চিত ছিল। আওয়ামী লীগের উন্নয়ন চিন্তা আপামর জনসাধারণ সবার জন্য সমান। বিএনপিও আওয়ামী লীগের উন্নয়নের সুফল ভোগ করেছে। আওয়ামী লীগ উন্নয়নে বৈষম্য করে না।
 
খালিদ আরো বলেন, আওয়ামী লীগ এমন একটি দল যে এ জাতিকে মাতৃভাষা এনে দিয়েছে। রক্ত দিয়ে এই দেশ সৃষ্টি করেছে। এই দেশে গণতন্ত্র, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের নিরাপত্তা দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগই বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। আওয়ামী লীগই এ দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে, উন্নত দেশে নিয়ে যাবে। যদি শেখ হাসিনার হাতে থাকে দেশ পথ হারাবে না বাংলাদেশ।
 
 
ইত্তেফাক/উজ্জল