বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের প্রতি রওশনের আহ্বান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী অলক শর্মা তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। 
 
সাক্ষাৎকালে রওশন এরশাদ মহান মুক্তিযুদ্ধের পরবর্তি সময় স্বীকৃতিদানকারী প্রথমসারীর দেশ হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 
বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ প্রত্যাশা করে তিনি বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশে বিনিয়োগের এখন সবচেয়ে উপযুক্ত সময় বিরাজ করছে।
এ সময় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার দেশের জন্য গুরুত্বপূর্ণ দেশ। আর বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের সমর্থন অতীতের মতো অব্যাহত থাকবে।
 
রওশন এরশাদ বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গমনে ভিসা সংক্রান্ত সমস্যাটি প্রতিমন্ত্রীর নজরে আনেন এবং ঢাকা থেকে যুক্তরাজ্যের গমনের ভিসা প্রক্রিয়া সহজিকরণের জন্য অনুরোধ করলে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, তারা এবিষয়ে যথাযথ ও দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য তার সরকারকে অবগত করবেন।
 
বিরোধীদলীয় নেতা বলেন, যুক্তরাজ্যে ৫ লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছে এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
 
এ সময় ফখরুল ইমাম এমপি, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি উপস্থিত ছিলেন।-বাসস
 
ইত্তেফাক/উজ্জল