বাঙালির প্রাণপ্রিয় নেতার ছবি দেয়ালজুড়ে। অতিপরিচিত কিন্তু একেক শিল্পীর চোখে বঙ্গবন্ধু নানা মাত্রায় উদ্ভাসিত। কোথাও তার দৃপ্ত ভঙ্গিমা, কোথাও তিনি চিন্তামগ্ন। তার অতিপিরিচিত ছবিগুলোকেই ক্যানভাসে আঁকা হয়েছে। নির্ভীক, নির্লোভ ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন বঙ্গবন্ধু। ছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। ক্যানভাসে সেই ব্যক্তিত্বরই প্রতিফলন। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশের নিসর্গের ছবি। এসব ছবি এঁকেছেন দেশসেরা শিল্পীরা। তাদের দৃষ্টিতে উঠে এসেছে বঙ্গবন্ধু ও তার সোনার বাংলা। প্রদর্শনীর শিরোনামও তাই ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।
ছবি দেখে মনে হচ্ছে যেন বঙ্গবন্ধুকে দেখছি, দেখছি বঙ্গবন্ধুর বাংলাদেশকে— বলছিলেন প্রদর্শনী দেখতে আসা ধানমন্ডির বাসিন্দা কামরুল আনাম। কাইয়ুম চৌধুরীর দুটি ছবিই যেন পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। ‘মুক্তিযোদ্ধা’ শিরোনামের ছবিটিতে একজন মুক্তিযোদ্ধার হাতে দেখা মিলল লাল-সবুজ পতাকা আর অন্যহাতে দেখা গেলো মেশিনগান। মুক্তিযোদ্ধা-শিল্পী শাহাবুদ্দীন আহমেদের ‘রিফিউজি’ শিরোনামের ছবিতে দেখা মিলল মুক্তিযুদ্ধের সময়ে গৃহত্যাগী মানুষের ছুটে চলা। রণজিত্ দাসের ‘ফাদার অব দ্য নেশন’ শিরোনামের ছবিতে দেখা গেল পেছনে লাল-সবুজ পতাকা, সামনে বঙ্গবন্ধুর অবয়ব। এমন শত ছবি ঠাঁই পেয়েছে চিত্রশালার গ্যালারিতে।
গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে সমতট বাংলাদেশ আয়োজিত পক্ষকালব্যাপী এই চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত। প্রদর্শনীটি উত্সর্গ করা হয়েছে প্রয়াত বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি ছিলেন শিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসীর মামুন, সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল এবং বীমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরী।
প্রদর্শনীতে আরো যেসব শিল্পীর ছবি স্থান পেয়েছে তাদের মধ্যে রয়েছেন: আবু তাহের, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, বীরেন সোম, আব্দুর শাকুর শাহ, শেখ আফজাল, নিসার হোসেন, মুহাম্মদ ইকবাল, রাফী হক, আনিসুজ্জামান, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, বিপাশা হায়াত প্রমুখ।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
নারী দিবস নিয়ে নাটক ও গান: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জোনাটা ক্লাব অব গ্রেটার ঢাকার যৌথ আয়োজনে গতকাল বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা শেষে প্রদর্শিত হয় বটতলা প্রযোজিত নাটক ‘আর নয় চুপ থাকা’। নাটকটির মাধ্যমে তুলে ধরা হয় নারীর প্রতি সহিংসতার বিভিন্ন খণ্ডচিত্র। সবশেষে ছিল শিল্পী সায়ানের সঙ্গীত। সায়ান ‘মেয়ে দেখার গান’, ‘ছেলে দেখার গান’, ‘সাহস করো মা বোনেরা’, ‘কন্যা জায়া জননী’, ‘আমার স্বপ্ন আমার হাত ধরো’সহ আরো বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
এর আগে ‘আঠারোর আগে বিয়ে নয়’ বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন মানবাধিকারকর্মী খুশি কবির, বিএনডব্লিউএলএ’র প্রজেক্ট ম্যানেজার অ্যাডভোকেট মিতালী জাহান ও সংযোগ বাংলাদেশের প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন। স্বাগত বক্তব্য রাখেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইদা রোকসানা খান।
ইত্তেফাক/নূহু