সোমবার গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন

সোমবার ৬ মার্চ প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলার  নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন। তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার প্রথম নির্বাচনে প্রায় ২৮ হাজার লোক ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন  এবং ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মেমং মারমা, ভাইস চেয়ারম্যান পদে ডা. মো. নুরুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীকে এবং বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো. ইউচুপ, ভাইস চেয়ারম্যান হিসেবে পূর্ণ কান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে হলাউচিং মারমা ধানের শীষ প্রতীকে এবং ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী উশ্যেপ্রু মারমা, (আনারস), ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিল্টন চাকমা (চশমা), থোয়াইঅংগ্য চৌধুরী (টিউবওয়েল) ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন।
 
গত শনিবার মধ্যরাতে প্রার্থীদের সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হবার পর থেকে শেষ মুহূর্তের আর্শীবাদ পাওয়ার আশায় ও ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য প্রার্থীরা এখনো চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগ ও বিএনপিসহ সকল রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করলেও সাধারণ ভোটারদের মধ্যে উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ঊশেপ্রু মারমাকে নিয়ে।
 
এদিকে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা শেষে সাধারণ ভোটাররা এখন যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসেব নিকেশ নিয়ে খুবই ব্যস্ত। সাধারণ ভোটারদের মতে সব সময় যাকে কাছে পাবেন এমন সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকেই তারা ভোট দিয়ে বিজয়ী করবেন।
 
সহকারী রিটার্নিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে প্রশাসনের যা যা করণীয় তাই করা হবে। এবার নির্বাচনী মাঠে স্টাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের বাহিনী দায়িত্ব পালন করবে। এতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের দুইটি বিশেষ টিম এবং পুলিশ বাহিনীসহ আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে।
 
উল্লেখ্য, গুইমারাবাসীর প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেন। সর্বশেষ গঠিত গুইমারা উপজেলাসহ খাগড়াছড়ি পার্বত্য জেলার  উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে নয়টি। উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে ২৭ হাজার ৯৯২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৬৭ জন ও নারী ভোটার ১৩,৬২৫ জন।
 
ইত্তেফাক/সালেহ্