দুবাই ওপেনের পরে এবার ইন্ডিয়ান ওয়েলসের দিকে দৃষ্টি মারের

ফার্নান্দো ভারদাসকোকে হারিয়ে শনিবার প্রথমবারের মতো দুবাই ওপেন চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা এন্ডি মারে। ফাইনালে মারে স্প্যানিশ তারকাকে সহজেই ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
 
২০১২ সালে সর্বশেষ এই চ্যাম্পিয়নশীপের ফাইনালে রজার ফেদেরারের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিলেন ২৯ বছর বয়সী মারে। দুবাই থেকে সরাসরি ১৬ ঘন্টা পথ পাড়ি দিয়ে মারে লস এ্যাঞ্জেলসে পৌঁছাবেন। সেখানেই সপ্তাখানেকের মধ্যেই শুরু হচ্ছে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট। ক্যারিয়ারের ৪৫তম শিরোপা লাভের পরে মারে বলেছেন, যুক্তরাষ্ট্রে সরাসরি যাচ্ছি, যাত্রাটা অনেক লম্বা। কিন্তু মাস্টার্স টুর্নামেন্ট শুরু হবার আগে হাতে বেশ খানিকটা সময় পাচ্ছি। এই সপ্তাহটা আমার জন্য দারুন এক অভিজ্ঞতা ছিল। আশা করছি ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে এটা কাজে লাগাতে পারবো। 
 
এই জয়ের মাধ্যমে দুবাই টুর্নামেন্টের ২৫ বছরের ইতিহাসে প্রথম কোন বৃটিশ খেলোয়াড় হিসেবে শিরোপা জেতার কৃতিত্ব দেখালেন মারে। গত আটটি টুর্নামেন্টের মধ্যে এটি ছিল তার সপ্তম ফাইনাল ও শেষ ১৬টি ইভেন্টের মধ্যে ১৪তম ফাইনাল। এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নোভাক জকোভিচের থেকে রেটিং পয়েন্টে বেশ এগিয়েই মারে প্রথম স্থানে রয়েছেন। আগামী চার সপ্তাহে অফ-ফর্মে থাকা জকোভিচও ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে নিজের শিরোপা ধরে রাখতেই কোর্টে নামবেন। 
 
ইত্তেফাক/রেজা