ওয়েস্ট ইন্ডিজ সফরে আরো দুটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরে আরো দুটি বাড়তি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানের এই সফরে দুটি টি২০, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো। আগামী ৩১ মার্চ থেকে ত্রিনিদাদ ও টোবাগোতে টি২০ সিরিজ দিয়ে সফর শুরু হবে। 
 
অতিরিক্তি দুটি টি২০ সফরের শুরুতে অন্তর্ভূক্ত হওয়ায় সফরের তারিখও কিছুটা পরিবর্তিত হচ্ছে। নতুন সূচী অনুযায়ী পাকিস্তান ২৬ মার্চ বার্বাডোজে প্রথম টি২০ ও ৩০ মার্চ ত্রিনিদাদে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলবে। এর ফলে ১ এপ্রিল থেকে আগের সূচি অনুযায়ী সিরিজের বাকি ম্যাচগুলো চলবে। 
 
এই নিয়ে দ্বিতীয়বারের মতো দুটি পূর্ণ সদস্যভুক্ত দেশ একটি সিরিজে চারটি টি২০ ম্যাচ খেলবে। এর আগে ২০১৬ সালে বাংলাদেশে স্বাগতিকদের বিপক্ষে জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজে চারটি টি২০ ম্যাচ খেলেছিল। ২০১৩ সালে সর্বশেষ ক্যারিবীয়ান সফরে গিয়েছিল পাকিস্তান। ওই সিরিজে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। সিরিজে একটি ম্যাচ টাই হয়। তবে দুই ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে।
 
ইত্তেফাক/রেজা